জাকজমকভাবে পালিত হলো আইইবির মহিলা কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী

৮ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৩৩  
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর মহিলা কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার আইইবির মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা, গেষ্ট অব অনার ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বক্তারা আইইবির সাবেক নেতাদের স্মরণ করেন এবং সংগঠনটির সদস্যদের একতাবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ইঞ্জিনিয়ার নূরুল হুদা তার বক্তব্যে কক্সবাজারে আইইবির উদ্যোগে রিসোর্ট স্থাপনের উদ্যোগের কথা জানান। সামাজিকভাবে ও দেশের ক্রান্তিকালে আইইবির মহিলা কমিটির নানা সমাজসেবামূলক কাজের তথ্য তুলে ধরেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইবির প্রশাসন ও অর্থ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার খন্দকার মনির মোরশেদ, সমাজ কল্যাণ কমিটির কনভেনর নিপা রহমান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শিবলু। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।